স্টাপ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অনলাইন জুয়া সংক্রান্ত পারিবারিক কলহের জেরে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত মোঃ মাসুদ মিয়া (২৭) শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে কানসাট শ্মশান ঘাট সংলগ্ন উত্তর পাশে একটি আমবাগানে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত মাসুদ মিয়া একই এলাকার মোঃ কাবির হোসেনের ছেলে এবং মোসাঃ মর্জিনা বেগমের সন্তান।
পরিবার ও এলাকাবাসীর ভাষ্যমতে, মাসুদ মিয়া দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সাথে জড়িত ছিলেন। এ নিয়ে প্রায়ই পরিবারের সঙ্গে তার বিরোধ চলছিল। ঘটনার আগের দিন টাকার বিষয় নিয়ে তার বাবা-মা ও স্ত্রীর সঙ্গে তীব্র ঝগড়া হয়।
এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে তিনি আমগাছের সঙ্গে নাইলনের দড়ি ব্যবহার করে গলায় ফাঁস নেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
