স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাকসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সোনামসজিদ বিওপি থেকে অভিযান চালায়।
অভিযানকালে সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে মক্কা স্কেলের পশ্চিম পাশে অবস্থিত আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে পার্কিংয়ে থাকা একটি ভারতীয় ট্রাক (নম্বর: WB65-D-8924) তল্লাশি করা হয়। এ সময় ট্রাকটির পাথরের ভেতরে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
পরবর্তীতে বস্তাগুলো খুলে দেখা যায়, সেখানে মোট ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ রয়েছে। এর মধ্যে Eskuf DX সিরাপ ৩,৮৯৭ বোতল এবং Fairdyl সিরাপ ২,০৩৮ বোতল। তবে অভিযানের সময় ট্রাকচালক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, মাদক পরিবহনের দায়ে ট্রাকটি পাথরসহ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত চালানের সঙ্গে সি অ্যান্ড এফ প্রতিষ্ঠান আলম এন্ড সন্স এবং আমদানিকারক প্রীতম এন্টারপ্রাইজের নাম পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে মো. টুটুলের নামও উঠে এসেছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত তিন মাসে ৫৯ বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ১০ হাজার ৫৩৫ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।
