চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জনভোগান্তি দুর করতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল শহরের প্রাণকেন্দ্র দক্ষিণ সাঁকো পাড়ায় অবস্থিত সুইটি ফিলিং স্টেশনটি বন্ধ থাকার প্রতিবাদে এবং দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। পাম্প মালিকদের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে এ পাম্প। ফলে উপজেলা শহরের ও আশেপাশের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি (এনমাস) ও নাচোল উন্নয়ন ফোরাম এর যৌথ আয়োজনে সোমবার (৬ এপ্রিল) সকালে বাসস্ট্যান্ডে আধাঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নাচোল উন্নয়ন ফোরাম এর সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, এনমাস টিম এর সভাপতি শাকিল রেজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহম্মেদ, উপজেলা বিএনপির সমবায় সম্পাদক বাবুল আখতার বক্তব্য রাখেন। এছাড়াও নাচোলের বিভিন্ন স্তরের জনগণ মানববন্ধন অংশগ্রহণ করেন।
পাম্প মালিকদের সাতদিনের আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, এখন জ্বালানী তেলের সংকটময় সময়ে আমাদের যদি ভোগান্তি পোহাতে হয়, তাহলে এই পাম্প থেকে লাভ কি!
নাচোল উন্নয়ন ফোরামের সভাপতি আমানুল্লাহ আল মাসুদ বলেন, পাম্প কর্তৃপক্ষ যদি চালু করতে ব্যর্থ হয়ে থাকে, তাহলে বিক্রি অথবা ভাড়া দিতে পারেন। আমরা কিনে নিয়ে চালু করবো। কিন্তু এভাবে ধানের ও আমের ভরা মৌসুমে কৃষক ও জনসাধারণকে কষ্ট দেয়া অযৌক্তিক।
মনিরুল ইসলাম নামের এক কৃষক ক্ষোভের সাথে বলেন, পারিবারিক দ্বন্দ্ব বুঝিনা, পুনরায় পাম্পটি চালু দেখতে চাই।তেলের অভাবে গম কাটার হারভেষ্টর মেশিনটি গত ৩ দিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে।আর তেলের অভাবে কৃষকরা পাকা গম ঘরে তুলতে পারছেনা।তাই প্রশাসনের উদ্যোগী হওয়া উচিত। এক সপ্তাহের মধ্যে পাম্পটি চালু না করলে ক্ষুব্ধ জনগণ যে কোন প্রতিক্রিয়া দেখাতে পারেন।
মানববন্ধন শেষে নাচোল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।
