স্টাফ রিপোর্টার
হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ জেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে জেলার বিভিন্ন টিকাকেন্দ্রে একযোগে এ কার্যক্রম চালু করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম প্রতিরোধী টিকা প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ উদ্যোগ হিসেবে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সারাদেশে প্রায় ১২ লাখের বেশি শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জন শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিকে, জেলা সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। একই সময়ে ছাড়পত্র পেয়েছে ২০ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৬০ জন রোগী।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯২ জনে। হামের উপসর্গে এ হাসপাতালে এখন পর্যন্ত ৫ জন শিশুর মৃত্যু হয়েছে।
