আমরা শান্তিপ্রিয় মানুষ। কাউকে অশান্ত করতে চাই না। তবে যদি কেউ নির্বাচনে অশান্তি করতে আসে, তাহলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।
সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সমাপনী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, “আমাদের সকল ভোটার প্রস্তুত রয়েছে। আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করুক। অথচ তারা বলছে—ভোট দিলেও পাস করব, না দিলেও পাস করব। মনে হচ্ছে ভোট তাদের বাপ-দাদার সম্পত্তি।”
তিনি আরও বলেন, “বিএনপির পক্ষে এমন ভোটের হাওয়া উঠেছে যে তারা ভয় পেয়ে গেছে। শিবগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে আমরা বিজয়ী হবো। এমন কোনো ইউনিয়ন নেই যেখানে জামায়াত জয়ী হতে পারবে। তারা এখন দিশেহারা।”
জনসভায় তিনি উল্লেখ করেন, “সারাদেশে দুটি বড় দল—বিএনপি ও আওয়ামী লীগ। যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের আওয়ামী লীগও ভোট দেবে না।”
বক্তব্যের শেষাংশে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসরাফুল আলম রশিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়াসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
