চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ এবং চার লেনের সড়ক নির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক শাহজাহান মিঞা তার বক্তব্যে জামায়াতে ইসলামীকে সমালোচনা করে বলেন, ইসলামকে ধ্বংস করার জন্য জামায়াতই যথেষ্ট। তারা রোজা ও পূজাকে এক করে দিয়েছে। তিনি জামায়াতকে একটি ছোট দল উল্লেখ করে বলেন, খালি কলসই বেশি বাজে, পুঁটির মাছই বেশি লাফায়।
নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
