নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জে শীতের প্রকোপ দিন দিন আরও বেড়েছে। ভোর ও রাতের দিকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
আজ রবিবার (২৮ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রভাবে ভোরের দিকে রাস্তায় মানুষের চলাচল তুলনামূলক কম দেখা গেছে। অনেক এলাকায় ঘন কুয়াশার কারণে সকালবেলা যান চলাচলেও বিঘ্ন ঘটছে।
স্থানীয় এক কৃষক আব্দুল করিম বলেন, “এতো শীতে ভোরে মাঠে যাওয়া খুব কষ্টকর হয়ে পড়েছে। কুয়াশার কারণে ফসলেরও ক্ষতি হচ্ছে। ঠিকমতো কাজ করা যাচ্ছে না।”
একজন শ্রমজীবী দিনমজুর রফিকুল ইসলাম জানান, “শীতের জন্য কাজের জায়গায় যেতে দেরি হয়। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় কাজে মন বসে না, আয়ও কমে গেছে।”
এদিকে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্য মো. বাক্কার ইসলাম বলেন, “ঘন কুয়াশার কারণে সকালে যান চলাচল নিয়ন্ত্রণ করতে বাড়তি সতর্কতা নিতে হচ্ছে। দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।”
বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বহুগুণে বেড়েছে। স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় সহায়তা ও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
