নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি সম্বলিত ছবি ও ভিডিও প্রকাশের অভিযোগে এক শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া শিক্ষিকার নাম নুসরাত জাহান। তিনি নাচোল উপজেলার বহরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শালীনতা ও একজন শিক্ষকের মর্যাদার পরিপন্থী কনটেন্ট প্রকাশ করেছেন তিনি। বিষয়টি শিক্ষা প্রশাসনের নজরে এলে প্রাথমিক তদন্ত শেষে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিশ্চিত করে জানান, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় নুসরাত জাহানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহল শিক্ষকদের সামাজিক দায়িত্ব ও আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।
সূত্র: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চাঁপাইনবাবগঞ্জ
