নিজস্ব প্রতিবেদক আব্দুল বাতেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. শাজাহান মিয়া।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ মনোনয়ন নিশ্চিত করা হয়েছে বলে জানান অধ্যাপক শাজাহান মিয়া নিজেই।
তিনি বলেন, বিএনপি মহাসচিবের স্বাক্ষরিত মনোনয়নপত্র তিনি হাতে পেয়েছেন, যা তার প্রার্থিতাকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে। মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২২ ডিসেম্বর (সোমবার) তার পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাজাহান মিয়ার মনোনয়ন পাওয়ায় শিবগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা, ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞা এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
