নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম রুমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ পালন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আশিক আহমেদ। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সচেতনতার বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা ভবিষ্যৎ নেতৃত্বে সৎ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাঃ তরিকুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, দুর্নীতি রাষ্ট্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। তাই জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনিক স্বচ্ছতা অর্জনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠানটি আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
