শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ), ৯ ডিসেম্বর মঙ্গলবার:
নারী জাগরণ ও অধিকার আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামের অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। নারীশিক্ষা বিস্তার, সামাজিক সচেতনতা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় তার অবদান বাঙালি নারীকে নতুনভাবে নিজেদের পরিচিতি খুঁজে পেতে সহায়তা করেছে। ১৯৩২ সালের একই দিনে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তার জন্ম ও মৃত্যুদিনকে স্মরণ করে প্রতিবছর দেশব্যাপী পালন করা হয় রোকেয়া দিবস।
দিবসটি উপলক্ষে শিবগঞ্জ পৌরসভা আয়োজিত র্যালিতে নেতৃত্ব দেন নবাগত শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক আহমেদ। র্যালিতে পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ বলেন, “নারীশিক্ষা ও নারীমুক্তি আন্দোলনে বেগম রোকেয়ার অবদান আমাদের সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। তার আদর্শ আজও নারী উন্নয়নের পথপ্রদর্শক।”
সহযোগিতায়: নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এলজিইডি)
আয়োজনে: শিবগঞ্জ পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ
