চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
৯৯৯ এ ডাকাতির ঘটনার ফোন পেয়ে অভিযানে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ ফাঁড়ির এক পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তা আমনুরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম (৪৭)। আহত ঐ কর্মকর্তা কে প্রথমে সদর মডেল হাসপাতালে এবং বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসআই নুরুল ইসলাম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন এবং বিষয়টির সত্যতা স্বীকার করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান , সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে এমন খবর পাওয়া যায় জরুরি সহায়তা ৯৯৯-এর একটি কলে। এ সময় আমনুরা থেকে মোটরসাইকেলযোগে ঘটনাস্থলের দিকে রওনা দেন আমনুরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুরুল ইসলাম। মাঝপথে থাকা পুলিশের চেকপোস্টে দায়িত্বে থাকা সদস্যদের বিষয়টি অবগত করে ঘটনাস্থলে পুলিশের একটি দল ও মোটরসাইকেলযোগে আলাদাভাবে যাচ্ছিলেন এসআই নুরুল ইসলাম। তবে তিনি একা আগেই ঘটনাস্থলেই পৌঁছে যাওয়ায় তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, এসআই নুরুল ইসলামকে একা পেয়ে তাৎক্ষণিকভাবে এক ডাকাত সদস্য হাতে ও পায়ে এলোপাতাড়ি কোপ দেয়। এরমধ্যে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং জড়িতদের আটক করতে অভিযান চলছে।
