চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়ার মনোনয়ন বাতিল করে দলটির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকতকে মনোনয়ন দেওয়ার দাবিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
রবিবার বিকেলে শিবগঞ্জে এ্যাডভোকেট শাহিন শওকতের সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অধ্যাপক শাহজাহান মিয়ার মনোনয়ন বাতিল করে এ্যাডভোকেট শাহিন শওকতকে প্রার্থী ঘোষণার দাবি জানান।
সমর্থকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেন্দ্রীয় কমিটি তাদের দাবির প্রতি সাড়া না দেয়, তবে তারা লাগাতার অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
একজন সমর্থক বলেন, “আমাদের প্রিয় নেতা এ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত ভাই বিগত আন্দোলন-সংগ্রামে ছিলেন একজন গেরিলা যোদ্ধা ও সেক্টর কমান্ডারের ভূমিকায়। আমরা বিশ্বাস করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাই তার যথাযথ মূল্যায়ন করবেন।”
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, দীর্ঘদিনের ত্যাগী নেতা হিসেবে শাহিন শওকতকে মনোনয়ন না দিলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিভাজন তৈরি হতে পারে।
