স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস। এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতার সেবায় এগিয়ে আসাই প্রকৃত নাগরিক দায়িত্ব। নিয়মিত রক্তদান অন্যের জীবন রক্ষা করার পাশাপাশি দাতার স্বাস্থ্যের জন্যও উপকারী। একই সঙ্গে মরণোত্তর চক্ষুদান অন্ধ মানুষের জীবনে আলো ফিরিয়ে আনার মহৎ উদ্যোগ বলে উল্লেখ করেন তারা।
