স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১ নভেম্বর) গভীর রাতে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী ভস্মীভূত করে ফেলে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থলে যান শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।
চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে ইউনিয়ন পরিষদ সবসময় জনগণের পাশে আছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।”
এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে অনুমান করা হচ্ছে।
