চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ বলেন, আজকে ধর্মকে অপব্যবহার করে বিভিন্ন মাহফিল ও জলসায় ফেৎনা সৃষ্টি করছে জামায়াত। তারা ওয়াজ মাহফিলে এবং মসজিদে কুরআন হাদিসের আলোচনা বাদ দিয়ে একটি দলের পক্ষে ভোট চাচ্ছে।
আসন্ন ক্রয়োদশ নির্বাচন উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি রাজশাহী মহানগর জামাতের আমীর মাওলানা কেরামত আলী এবং জামাত নেতা আমির হামজার বিষয়ে কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, যেভাবে আওয়ামী লীগকে আল্লাহ উৎখাত করেছে, একই ভাবে জামাতের এ ফিতনার অবসান হবে। এ সময় তিনি হাসপাতাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পানি সংকট নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন এবং তিনি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে আশ্বাস দেন।
শহরের আঙ্গারিয়াপাড়া পাইকড়তলা মোড়ে অনুষ্ঠিত এ পথসভায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহবায়ক তোসিকুল ইসলাম তোসি।
শেষে স্থানীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন হারুনুর রশিদ।
