স্টাফ রিপোর্টার
দীর্ঘ প্রায় দুই বছর পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আগামী ২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু করবে।
আবেদন করতে হলে প্রথমে অনলাইনে ভারতের ভিসা পোর্টালে গিয়ে ‘রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন’ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন শেষে প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি সংরক্ষণ করে আবেদনপত্র প্রিন্ট করতে হবে।
আবেদনের জন্য কমপক্ষে ছয় মাস মেয়াদি পাসপোর্ট, সাম্প্রতিক ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, ঠিকানার প্রমাণ, পেশাভিত্তিক কাগজপত্র এবং আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট বা ন্যূনতম ১৫০ মার্কিন ডলারের এন্ডোর্সমেন্ট প্রয়োজন হবে।
অনলাইনে আবেদন সম্পন্ন করে আইভ্যাকের মাধ্যমে ফি পরিশোধের পর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নির্ধারিত দিনে সব কাগজপত্র নিয়ে ভিসা কেন্দ্রে উপস্থিত হয়ে বায়োমেট্রিক সম্পন্ন করলে আবেদন গ্রহণ করা হবে। সাধারণত তিন কার্যদিবসের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলেও প্রয়োজন অনুযায়ী সময় বেশি লাগতে পারে।
ভিসা প্রস্তুত হলে এসএমএসের মাধ্যমে আবেদনকারীকে জানানো হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী আইভ্যাক কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে। আবেদনকারীদের নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বরসহ সব তথ্য একাধিকবার যাচাই করে আবেদন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
