নিজস্ব প্রতিবেদক:ঢাকা
জুন মাসের জন্য দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন দাম অনুযায়ী অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন মূল্যহার আগামী সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
এর ফলে আগের তুলনায় অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বেড়েছে।
উল্লেখ্য, সর্বশেষ গত ১৮ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই মূল্যহার অনুযায়ী এতদিন জ্বালানি তেল বিক্রি হচ্ছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে জুন মাসের জন্য সংশোধিত মূল্যহার নির্ধারণ করা হলো।
