ডাক্তার ইবনে ওবায়দুল্লাহ বাচ্চু, প্রিন্সিপাল পাবনা মেডিকেল কলেজ
কলেজ বা অফিস—কথা বলার সময় কারও মুখ থেকে দুর্গন্ধ এলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। সাধারণত দাঁত, মাড়ি, জিভ বা মুখগহ্বরে সংক্রমণ, ঠিকমতো মুখ পরিষ্কার না করা, কম জল খাওয়ার মতো কারণেই মুখে দুর্গন্ধ হয়। তবে চিকিৎসকদের মতে, নিয়মিত অম্বলের সমস্যায় ভুগলেও মুখে দুর্গন্ধ দেখা দিতে পারে।
অ্যাসিড রিফ্লাক্সের ফলে পাকস্থলীর অ্যাসিড ও হজম না হওয়া খাবার খাদ্যনালিতে উঠে এলে বুকে জ্বালা ও মুখে টক স্বাদ হয়, যা থেকে দুর্গন্ধ তৈরি হয়। তাই মুখের যত্ন নেওয়ার পরও যদি দুর্গন্ধ থাকে, পেটের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি।
সমাধান হিসেবে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন—সময় মতো অল্প অল্প করে খাওয়া, বেশি তেল-ঝাল খাবার এড়িয়ে চলা, উচ্চ ফাইবারযুক্ত খাবার, শাকসব্জি ও ফল খাওয়া এবং পর্যাপ্ত জল পান করা। দই খেলে হজম ভালো থাকে। গরমে টক ফল কম খাওয়াই শ্রেয়।
