মালদা প্রতিনিধি
রাজনৈতিক সহনশীলতা ও সৌজন্যের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন মালদার গাজোলের বিজেপির জয়ী প্রার্থী চিন্ময় দেব বর্মণ। প্রতিপক্ষ দলের প্রতি সম্মান প্রদর্শন করে তিনি নিজেই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে লাগানো বিজেপির পতাকা খুলে সেখানে পুনরায় তৃণমূলের পতাকা স্থাপন করেন।
বুধবার মালদা জেলার গাজোল ব্লকের গাজোল-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাতিমারি বাজার এলাকায় এই ঘটনা সামনে আসে। জানা গেছে, ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় রয়েছে। মঙ্গলবার বিজেপির বিজয় মিছিল ওই কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু উচ্ছ্বসিত বিজেপি কর্মী তৃণমূলের পতাকা খুলে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে বুধবার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চিন্ময় দেব বর্মণ। তিনি নিজ হাতে বিজেপির পতাকা সরিয়ে তৃণমূলের পতাকা পুনরায় স্থাপন করেন। শুধু তাই নয়, এই ঘটনার জন্য তিনি তৃণমূল কর্মীদের কাছে প্রকাশ্যে ক্ষমাও প্রার্থনা করেন।
তার এই উদ্যোগ রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা দিয়েছে। বিরোধী দলের প্রতিও সম্মান ও সহনশীলতার এই আচরণকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
