মালদা প্রতিনিধি সম্রাট আলী
আর মাত্র কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। তার আগেই বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। নির্বাচনের প্রাক্কালে বেআইনি আগ্নেয়াস্ত্রের রমরমা রুখতে জেলায় জোরদার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করল পুলিশ।
মালদা জেলার পৃথক দুই থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে একাধিক সেভেন এমএম পিস্তল, পাইপগান এবং প্রচুর সংখ্যক তাজা কার্তুজ। এই ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছে দু’জন দুষ্কৃতী। উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে কোনও বড়সড় চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মঙ্গলবার মালদা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পুরো ঘটনার বিস্তারিত জানান জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। তিনি জানান, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যাতে কোনওরকম অশান্তি বা সন্ত্রাস ছড়াতে না পারে, সে জন্য জেলা জুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
পুলিশ সুপার আরও বলেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র পাচার চক্রের মূল পান্ডাদের খোঁজে তদন্ত চলছে। আগামী দিনে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
