স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামে বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় লুঙ্গি দিয়ে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মৃত ইয়াসিন হাজির বাগান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটি কান্নাকাটি করছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাস্তার পাশে মো. হামিদুল ইসলাম (৫) ও মো. নাফিউল (৩) খেলাধুলা করছিল। এ সময় তারা বালুর মধ্যে কিছু একটা দেখতে পায়। পরে সকালে হাঁটতে বের হওয়া মো. ইব্রাহিম আলী ওই দুই শিশুর কাছ থেকে রাস্তার পাশে কিছু পড়ে থাকার বিষয়টি জানতে পারেন।
এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতক শিশুকে দেখতে পান। পরে রাস্তার পাশের বাড়ির বাসিন্দা মো. গোলাপ হোসেনকে খবর দেন। গোলাপ হোসেনসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন।
কে বা কারা নবজাতক শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। পরে শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং স্থানীয় গোলাপ হোসেনের আশ্রয়ে রয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
