গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়ায় (শান্তিপাড়া) মাদকবিরোধী কার্যক্রমকে কেন্দ্র করে হামলার ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পাথর নিক্ষেপের শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের গাড়ি। এতে গাড়ির একটি গ্লাস সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন কেডিসিপাড়ায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন—কামরুল (৪০), শাম মোহাম্মদ (৪৫), মাইনুল (৩৫), ফারুক (৪৫) ও রিফাত (২৫)। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
রহনপুর রেলস্টেশন বাজার আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন জানান, কেডিসিপাড়া এলাকাকে মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত করতে তারা কাজ করছেন। এরই অংশ হিসেবে মাদকবিরোধী কার্যক্রম চালানোর সময় স্থানীয় কয়েকজন তাদের সদস্যদের ওপর হামলা চালায়। এতে নারীসহ কয়েকজন আহত হন বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, এ সময় ইউএনও জিল্লুর রহমান ঘটনাস্থলে গেলে তাঁর গাড়িতেও হামলা চালানো হয়।
তবে ইউএনও জিল্লুর রহমান বলেন, রহনপুর রেলস্টেশনের শান্তিপাড়া এলাকায় আম ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে মঙ্গলবার দিনভর উত্তেজনা চলছিল। পরিস্থিতি দেখতে রাতে সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে একজন আম ব্যবসায়ী আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার সময় কয়েকজন বিভিন্ন দিক থেকে পাথর নিক্ষেপ করে। একটি পাথর তাঁর গাড়িতে আঘাত করলে গাড়ির গ্লাস সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
ইউএনও বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঘটনাস্থল ত্যাগ করার পরও হামলার ঘটনা ঘটে এবং এতে আরও পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা থাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার রাতের ঘটনায় বুধবার দুপুর ১২টা পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি।
