স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষের পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরাও। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কসহ আরও এক চিকিৎসক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ জেলার পাঁচ উপজেলার পাঁচ হাসপাতালে মোট ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮০ জন।
বুধবার জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান এ তথ্য জানান।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫১ জনসহ জেলার পাঁচটি হাসপাতালে মোট ৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে পাঁচ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে।
চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ জনে।
এদিকে ডা. মাহবুব হাসান জানান, গত রোববার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার ডেঙ্গুতে আক্রান্ত হন। তিনি ঢাকায় নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের সহকারী সার্জন মো. ফজর আলী লালও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার আক্রান্ত হওয়ার পর তিনিও বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ক্রমবর্ধমান পরিস্থিতিতে জনসচেতনতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
