স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামের বাসিন্দা মো. কালামের বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে একটি কালো বালতি দেখতে পায়। পরে বালতিতে ককটেল সদৃশ বস্তু রয়েছে বলে সন্দেহ হলে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখে শিবগঞ্জ থানা-পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশের যৌথ দল তল্লাশি চালিয়ে বালতির ভেতর থেকে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে।
পরে রোববার দুপুর আড়াইটার দিকে উদ্ধার করা বস্তুগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
