স্টাফ রিপোর্টার
শিবগঞ্জ পৌরসভার জন্মলগ্ন থেকে জুলাই ২০২৬ পর্যন্ত বকেয়াসহ হালনাগাদ সকল বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে। পাশাপাশি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
শিবগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের মোট ২০ মাসের বকেয়া বেতনের মধ্যে হালনাগাদ বেতনসহ ইতোমধ্যে ১১ মাসের বকেয়া পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট ৯ মাসের বকেয়া বেতন আগামী কয়েক মাসের মধ্যে পরিশোধের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
তারা বলেন, পিছিয়ে পড়া শিবগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করতে প্রশাসক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর বিভিন্ন উদ্যোগে পৌরসভার আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসছে।
এ অর্জনে আনন্দিত হয়ে শিবগঞ্জ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী প্রশাসক মাজহারুল ইসলাম স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
