স্টাফ রিপোর্টার
সরকারি হাসপাতালে চাকরির পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হাসপাতালের মালিকানায় শেয়ার থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
ডা. নাদিম সরকার এর আগে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে এ বিভাগীয় মামলা করা হয়।
জানা গেছে, সরকারি চাকরিতে থাকাকালীন দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের বিপরীতে অবস্থিত ম্যাক্স হাসপাতালের মালিকানায় শেয়ার ছিল ডা. নাদিম সরকারের। এ ঘটনায় সম্প্রতি আরও কয়েকজন সরকারি চিকিৎসকের বিরুদ্ধেও বিভাগীয় মামলা করা হয়েছে।
এ বিষয়ে গত ১৬ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে পত্রপ্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে ডা. নাদিম সরকারকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কেন তাকে চাকরি থেকে বরখাস্ত অথবা উপযুক্ত দণ্ড দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
এ বিষয়ে ডা. মো. নাদিম সরকার বলেন, ম্যাক্স হাসপাতালে মালিকানায় শেয়ার থাকা সব চিকিৎসকের বিরুদ্ধেই মামলা হয়েছিল, শুধু তিনি বাদ ছিলেন। এখন তার বিরুদ্ধেও বিভাগীয় মামলা হয়েছে এবং তিনি এরই মধ্যে লিখিত জবাব দিয়েছেন।
প্রসঙ্গত, ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকার অভিযোগে এর আগে ১০ জন সরকারি চিকিৎসকের বিরুদ্ধেও বিভাগীয় মামলা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
