স্টাপ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ডাকা কর্মবিরতি প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। ফলে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল থেকে জেলার সব রুটে বাস ও ট্রাক চলাচল স্বাভাবিক হয়েছে।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর থেকে শ্রমিকদের কর্মবিরতির কারণে জেলার সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ ছিল। এতে সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের চরম দুর্ভোগে পড়তে হয়। পরে প্রশাসনের আশ্বাস এবং জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে বিকেলে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
সাইদুর রহমান আরও জানান, দুই সংগঠনের নেতাদের মধ্যে বিরোধের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতেই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বৈঠক অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বিকেলে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। রাত ৯টায় উভয় পক্ষের শ্রমিক নেতাদের নিয়ে সদর থানায় বৈঠক অনুষ্ঠিত হবে।
