চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরলা ফুলতলা এলাকায় অনুমোদন ছাড়াই পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের অভিযোগে ‘মেসার্স আলতা প্লাস্টিক এন্ড মেটাল’ কারখানায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টা থেকে বুধবার (৫ আগস্ট) রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে ৮ জনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ১ থেকে ৩ মাসের কারাদণ্ড এবং ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া নেসকো-১-এর সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে সদর মডেল থানা পুলিশের দুটি দল সহায়তা করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
