চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নাম্বারপ্লেটবিহীন পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এম এন ওয়াসিম ফিরোজ।
পুলিশ জানায়, চলতি মাসে রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাড়ি আম ব্যবসায়ীর পরিচয়ে ভাড়া নিয়ে কয়েকজন ব্যক্তি অবস্থান করছিলেন। স্থানীয়দের কাছে তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে তাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে এবং তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলমের নেতৃত্বে থানা পুলিশ ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ কে এম আতিকুর রহমানের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনগণের সহযোগিতায় ৬ জনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। তবে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে রাত ১০টার দিকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত নাম্বারপ্লেটবিহীন একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ইমরান হোসেন (২২) (ঝিনাইদহ), সাইফুল মণ্ডল (৪০) (কুষ্টিয়া), মুন্না হাসান (১৯), আসিফ হোসেন (২১), শান্ত (২৭) ও রতন আলী (৩৫)। তাদের মধ্যে শেষ চারজন পাবনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া এর আগেও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি ২৪ ইঞ্চি বোল্ট কাটার, একটি লোহার রড, একটি লোহার হাতুড়ি, একটি দুধার ধারালো অস্ত্র, দুটি হাঁসুয়া এবং একটি নাম্বারপ্লেটবিহীন পিকআপ।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এ এম এন ওয়াসিম ফিরোজ।
