স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি নদীতে ডুবে দুই স্কুল শিক্ষার্থী ও এক দুবাই প্রবাসী নিখোঁজ হয়েছেন।তবে ৫ ঘন্টা চেষ্টার পর একজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ারসার্ভিস। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পদ্মা ও মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস এর সত্যতা নিশ্চিত করে।
ফায়ার সাভিস জানায়, সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী রিফাত ও রাসেল নামক নিখোঁজ দুই শিক্ষার্থী: দুপুর ১টার দিকে আলীনগর ঘাট এলাকায় বন্ধুদের সাথে পদ্মা নদীতে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টার পর এক শিক্ষার্থী রিফাতের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ারসার্ভিস।
অন্যদিকে প্রায় একই সময় মহানন্দা নদীর বারঘরিয়া রাবার ড্যাম এলাকায় শখের বশে বন্ধুদের সাথে খেও জাল দিয়ে মাছ ধরতে নেমে মহানন্দা নদীর তীব্র স্রোতে তলিয়ে যান আজাইপুর আরামবাগের দুবাই প্রবাসী মোঃ শাকিরুল (৩০)।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ফায়ারসার্ভিস এর উপ সহকারী পরিচালক মাহবুবুল ইসলাম জানান, ৩ জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উভয় স্থানেই নিখোঁজদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
