স্টাফ রিপোর্টার আব্দুল বাতেন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে ২০ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টার ঘটনা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২০ জুন) সকাল ৬টার দিকে চৌকা সীমান্তের ১৭৭/২-এস পিলারসংলগ্ন এলাকা দিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের সবদুলপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ২০ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে চৌকা বিওপির বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইন প্রতিরোধ করে। পুশইনের চেষ্টাকৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে ওই ২০ জন জিরো লাইনের ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। এ সময় সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি শতাধিক স্থানীয় জনতা পুশইন প্রতিরোধে সহযোগিতা করছে। অপরদিকে বিএসএফ সদস্যরাও সীমান্তে অবস্থান নেয়।
চৌকা বিওপির হাবিলদার আশরাফ আলী জানান, পুশইনের চেষ্টা সম্পর্কে জানতে পেরে বিজিবি দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
এদিকে সকাল ৯টার দিকে বিএসএফের ২০ থেকে ২৫ জন সদস্য পুনরায় ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় জনতা বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পিছু হটে বলে জানা গেছে।
মহানন্দা বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী হোয়াটসঅ্যাপ বার্তায় জানান, চৌকা বিওপির সীমান্ত এলাকায় ২০ জনকে পুশইনের চেষ্টার খবর পাওয়া গেছে। বিজিবি সদস্যরা তাদের জিরো লাইনে ভারতের অভ্যন্তরেই প্রতিহত করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
