নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে উৎসাহিত করতে শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) ও এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া।
প্রদর্শনীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (কলেজ) পর্যায়ের মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষক-শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট উপস্থাপন করেন এবং সেগুলো কীভাবে মানবকল্যাণ, দেশের উন্নয়ন ও নিরাপত্তার কাজে ব্যবহার করা যেতে পারে, সে বিষয়ে বিচারক প্যানেলের প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খান, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার মামুনুর রশিদ এবং নাচোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তহিদুল আলম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনী শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী প্রজেক্ট উপস্থাপনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী শিক্ষায় আরও উৎসাহিত করবে।
