নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখরআলী গ্রামসংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টার পর বেলা ৩টার দিকে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখরআলী গ্রামের জোহের আলীর মেয়ে মোছা. জেসমিন (৭) এবং একই ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত কাজলের মেয়ে মোছা. ইসরাত খাতুন (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করলে দীর্ঘ অনুসন্ধানের পর মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলটি নৌ পুলিশের আওতাধীন হওয়ায় খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এ হৃদয়বিদারক ঘটনায় নিহত দুই শিশুর পরিবারে শোকের মাতম বিরাজ করছে। পাশাপাশি পুরো এলাকাজুড়েই নেমে এসেছে গভীর শোকের ছায়া।
