নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে ১ হাজার অসহায় মানুষের চোখের লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শহরের শাহনেয়ামতুল্লাহ ইয়াতিমখানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি ডা. ময়েজ উদ্দিন।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে এবং দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সহযোগিতায় আয়োজিত এ চক্ষু ক্যাম্পে দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ছানি অপারেশন এবং লেন্স স্থাপনের ব্যবস্থা করা হয়েছে।
আয়োজকরা জানান, রোগীদের অপারেশন, ওষুধ, চিকিৎসাকালীন থাকা-খাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় সকল ব্যয় সংস্থার পক্ষ থেকে বহন করা হবে। ক্যাম্পে দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করছেন।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন বলেন, সমাজের অনেক মানুষ অর্থের অভাবে চোখের প্রয়োজনীয় অপারেশন করাতে পারেন না। তাদের জন্য এই উদ্যোগ একটি বড় সহায়তা হিসেবে কাজ করবে।
সমিতির সভাপতি প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, দরিদ্র ও অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে তারা নিঃস্বার্থভাবে কাজ করছেন। পর্যায়ক্রমে প্রতিদিন ১০০ জন করে রোগীর অপারেশন সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।
