স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নয়নী খাতুন (১৪) নামে এক গৃহ-পরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মোহনবাগ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নয়নী খাতুন উপজেলার ধাইনগর ইউনিয়নের আঁখিরা গ্রামের রুবেল আলীর মেয়ে। তিনি মোহনবাগ এলাকার জান্নাতুল ফেরদৌসী নামে এক নারীর বাড়িতে গৃহ-পরিচারিকার কাজ করতেন।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, বাড়ির লোকজনের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নয়নীর মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, সোমবার বিকেলে কাউকে কিছু না বলে একটি ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নয়নী।
তবে স্থানীয়দের অভিযোগ, নয়নীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ নামিয়ে ফেলা হয়েছিল। ফলে মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়নি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
