স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে।
সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ২ জুন ২০২৬ পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আরিফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে বিশেষ ব্যবস্থায় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সচল রাখতে ইমিগ্রেশন সেন্টার ও সংশ্লিষ্ট বিভাগ খোলা থাকবে। এছাড়া কাস্টমস সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রমও চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৩ জুন বুধবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
