টাপ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ার একটি বাড়ি থেকে মরিয়ম বেগম (৫৫) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মরিয়ম বেগম স্থানীয়ভাবে গৃহশিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন। সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেনের স্ত্রী। মরদেহ উদ্ধারের সময় তার মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এছাড়া কানের দুল ছেঁড়া অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে মরিয়ম বেগম চৌকাপাড়ার মো. রুবেল ও সুমি খাতুনের বাড়িতে তাদের দুই সন্তানকে প্রাইভেট পড়াতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে তার এক ছেলে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ সুপার জানান, মঙ্গলবার সকালে ৯৯৯-এ ফোন করেন রুবেল নিজেই। পরে পুলিশ তার বাড়িতে গিয়ে মরিয়ম বেগমের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুবেল ও সুমি দম্পতিকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, স্বর্ণের কানের দুলের জন্য মরিয়ম বেগমকে হত্যা করা হয়ে থাকতে পারে। রুবেল ও সুমির দেওয়া তথ্যের ভিত্তিতে এক স্বর্ণকারের কাছ থেকে নিহতের স্বর্ণের দুটি দুল উদ্ধার করা হয়েছে। অভিযোগ রয়েছে, সুমি আগের দিন ওই দুল দুটি বিক্রি করেছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য ওই স্বর্ণকারকেও আটক করেছে পুলিশ।
এদিকে মরিয়ম বেগমের ছেলে মারুফ হোসেন বনি জানান, সোমবার রাতেও তিনি মাকে খুঁজতে রুবেলের বাড়িতে গিয়েছিলেন। তখন রুবেল ও সুমি জানান, প্রাইভেট পড়ানো শেষে তার মা চলে গেছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
