চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অপহরণ ও হত্যা মামলার কথিত ভিকটিম মোছা. আয়েশা খাতুন (১৭) নিখোঁজের দীর্ঘ সাত বছর পর জীবিত উদ্ধার হয়েছেন নিজ এলাকা থেকেই। রোববার (৩ মে) রাতে ভোলাহাট-ঢাকা বাসস্ট্যান্ডের বিআরটিসি কাউন্টারের সামনে থেকে পুলিশ তাকে উদ্ধার করে।
পূর্বে যাকে মৃত ধরে হত্যা মামলা দায়ের করা হয়েছিল, সেই আয়েশার হঠাৎ জীবিত ফিরে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি সোমবার (৫ মে) বিকালে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপারের পাঠানো এক ক্ষুদে বার্তায় নিশ্চিত করা হয়।
মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ মে ভোলাহাট থানার খালেআলমপুর গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেনের মেয়ে আয়েশা খাতুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। দীর্ঘদিন তার কোনো সন্ধান না পেয়ে ভিকটিমের মা আদুরী বেগম আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন (সিআর মামলা নং-৯৫/২০২৩), যেখানে দণ্ডবিধির ৩৬৪/৩০২/১০৯ ধারায় অভিযোগ আনা হয়।
প্রাথমিকভাবে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলেও পরবর্তীতে একই ঘটনায় সিআর ১৯৯/২০২৪ (ভোলা) নম্বরের আরেকটি মামলা পুনরায় তদন্তের জন্য ভোলাহাট থানায় নথিভুক্ত করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আয়েশাকে উদ্ধার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামাল হোসেন জানান, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই দীর্ঘ সময় তিনি কোথায় এবং কার সঙ্গে ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, দীর্ঘদিন পর নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরে এলেও, তার সাত বছরের অনুপস্থিতির রহস্য এবং মামলার ভবিষ্যৎ নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
