চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় জেলা শহরের রেহাইচরে সেতু সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে এই কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি।
মানববন্ধনে বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, পরিবহন মালিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, দলিল লেখক সমিতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ১৯৯৩ সালে সেতুটি উদ্বোধনের পর দীর্ঘ ৩৩ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। একাধিকবার টোল বন্ধের দাবি জানানো হলেও তা এখনো কার্যকর হয়নি। এ বিষয়ে স্মারকলিপি প্রদান ও বিভিন্ন আন্দোলন করেও কোনো ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।
এছাড়া, স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল জাতীয় সংসদে সড়কমন্ত্রীর কাছে টোল বন্ধের দাবি তুললেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে উল্লেখ করেন বক্তারা।
মানববন্ধনে দ্রুত টোল আদায় বন্ধের দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, আগামী বছরেও টোল আদায় অব্যাহত থাকলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে নামবেন তারা।
