ভোলাহাট প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গভীর রাতে ট্যাংকলরি থেকে জ্বালানি তেল পাচারের চেষ্টার ঘটনায় অবশেষে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় পাম্প মালিকের ভাই এবং এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।অন্যদিকে ভোলাহাট উপজেলার ভুক্তভোগী জনগণের আয়োজনে মেডিকেল মোড় চৌরাস্তায় তেলপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (২৯ এপ্রিল) বুধবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, বিএনপি নেতা জোহুরুল হক, গোহালবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি রহমত আলী, ভোলাহাট উপজেলা শিবিরের সাবেক সভাপতি মাসুদ রানা, সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, কুষক প্রতিনিধি ইউনুস আলী, উপজেলা শিবিরের পশ্চিম শাখার সাবেক সাধারণ সম্পাদক বারিউল ইসলাম, উপজেলা পশ্চিম শাখার সভাপতি সালাউদ্দিন আইয়ুবি।
উপজেলা শিবিরের সাবেক সভাপতি সোহেল রানার সঞ্চালনায় বক্তৃারা তেলপাচারের সাথে জড়িত সকলকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের সময় বেঁধে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।সেসাথে ভোলাহাট পাম্পে কৃষির ভরা মৌসুমে কৃষকদের নিরবিচ্ছিন্নভাবে ডিজেল দেয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের মাধ্যমে সকল অভিযুক্তদের ভোলাহাট থানা পুলিশ গ্রেফতার করতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়।
এদিকে তেল পাচারের চেষ্টার অভিযোগ ভোলাহাট থানায় মঙ্গলবার দিবাগত রাতে একটি মামলা দায়ের করেছি পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে।
এবিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফের ছোটভাই সাখাওয়াত হোসেন মজু (৪০) এবং পাম্পের ম্যানেজার রিদয় (২৬) কে তেল পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং বুধবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত : গত ২৭ এপ্রিল দিবাগত গভীর রাতে ফলিমারি বিলের মধ্যে অবস্থিত হিরো ভাটার সামনে একটি নামহীন ডিজেল ভতি ট্যাংকলরি থেকে তেল পাচারকালে ১টি তেলবাহী গাড়ি, ১টি নসিমন, ৪টি ট্রলি ও ২টি চার্জার ভ্যান এবং বেশকিছু ড্রাম ও যারকিং জব্দ করে ভোলাহাট থানা পুলিশ।
