স্টাফ রিপোর্টার,
চাঁদা আদায়কে কেন্দ্র করে শ্রমিক সংগঠনের দুই গ্রুপের বিরোধে একদিন বন্ধ থাকার পর শনিবার থেকে চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লাসহ সব ধরনের বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।
শনিবার সকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন চাঁদা আদায় বন্ধের দাবিতে কর্মবিরতি শুরু করলে আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শ্রমিকদের অভিযোগ, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়ন—উভয় পক্ষই বাস থেকে চাঁদা আদায় করছে, যা নিয়ে দীর্ঘদিনের বিরোধ তীব্র আকার ধারণ করে।
ট্রাক শ্রমিক ইউনিয়নের দাবি, টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের কোনো বৈধতা নেই। অন্যদিকে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, তারা নিয়ম মেনেই বাস থেকে চাঁদা নিচ্ছে, বরং অন্য পক্ষই অবৈধভাবে বাস থেকেও চাঁদা আদায় করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠক করলেও সমাধান না হওয়ায় রাত ১২টার দিকে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমানের উদ্যোগে দুই পক্ষ আলোচনায় বসে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই বাস চলাচল স্বাভাবিক হয়েছে এবং ঢাকা রুটের কাউন্টারগুলোও খুলে দেওয়া হয়েছে। সোনা মসজিদ-রাজশাহী রুটের এক টিকিট মাস্টার জানান, সকাল ৭টায় প্রথম বাস ছেড়ে যায়।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত জানান, সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় উভয় পক্ষ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। চাঁদা আদায় সংক্রান্ত বিষয়টি পরবর্তীতে দ্বিতীয় দফা বৈঠকে সমাধান করা হবে।
অন্যদিকে জেলা ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
