চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৬২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়া।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট ও আউশ ধানের আবাদ বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ফসলভেদে কৃষকদের মাঝে বীজ ও সারের নির্ধারিত পরিমাণ বিতরণ করা হয়। আউশ ধানের জন্য প্রতি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। পাটের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, মুগ ডালের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং তিলের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়া বলেন, সরকারের কৃষিবান্ধব নীতির ফলে কৃষকরা সঠিক সময়ে উন্নত মানের বীজ ও সার পাচ্ছেন। আউশ ও গ্রীষ্মকালীন ফসলের আবাদ বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই প্রণোদনার মূল লক্ষ্য। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের চাষাবাদের মাধ্যমে হেক্টরপ্রতি ফলন বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলামসহ কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিতরণ শেষে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং সারের সঠিক ব্যবহার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। বিনামূল্যে কৃষি উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, সময়মতো এই সহায়তা পাওয়ায় আবাদি জমি পতিত না রেখে অর্থকরী ফসল উৎপাদনে তারা আরও উৎসাহিত হবেন।
