নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে ধারাবাহিকভাবে ৬টি মৃত্যুর ঘটনা ঘটেছে, যার মধ্যে বেশ কয়েকটি হত্যাকাণ্ড। একের পর এক এসব ঘটনার পর পুরো উপজেলাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি এলাকায় পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে বসা সালিশ বৈঠক চলাকালীন দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষে একজন নিহত হন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
এদিকে শিবগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকায় একই স্থানে পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরপর দুই খুনের ঘটনায় এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এর আগে গত ৪ মার্চ ২০২৬ তারিখে উপজেলার মনোহরপুর গ্রামের ফকির নামে এক ব্যক্তি পদ্মা নদীতে মাছ ধরতে গেলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন বলে জানা গেছে। সীমান্ত এলাকায় এই ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এরপর ৯ মার্চ ২০২৬ তারিখে মির্জাপুর এলাকায় অবৈধভাবে চলাচলকারী একটি ট্রাক্টরের চাপায় একজনের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, অবৈধ ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে।
সবশেষে ১১ মার্চ ২০২৬ তারিখে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। নাসিমা খাতুন (৪৫) নামে এক নারী স্বামীর হাতে নিহত হন। পরে তার মরদেহ বাড়ির পায়খানার ভেতর থেকে উদ্ধার করা হয় বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।
অল্প সময়ের মধ্যে ধারাবাহিক এসব হত্যাকাণ্ড ও মৃত্যুর ঘটনায় শিবগঞ্জবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অপরাধীদের গ্রেপ্তার এবং সীমান্ত ও সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
