চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে পাঁচজন হতাহতের ঘটনায় আলোচিত যুবলীগ নেতা শরিফ উদ্দিন দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহ-সভাপতি।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, ঘটনার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে তার নাম উঠে এলেও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়নি। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের একদিন পরই তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজন, নিহত দুজন এবং হাসপাতালে চিকিৎসাধীন তিনজন ছাড়াও বাড়ির মালিক কালাম, সাবেক চেয়ারম্যান সাহিদ রানা টিপু ও তার ভাই শাহারুল আলম কালুসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। তবে মামলার এজাহারে দুলালের নাম ছিল না।
শনিবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণে মৃত ব্যক্তিসহ ১০ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহত তিন যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও জানান, সর্বশেষ গ্রেপ্তার হওয়া ব্যক্তি মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে
