নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকশা ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের সমর্থনে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মনাকশা ইউনিয়নের হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাজাহান মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শাজাহান মিঞা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। আমরা একটি বসবাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কোনো প্রতিহিংসা ও সন্ত্রাস থাকবে না।” তিনি ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মনাকশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি সাইরন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন মনাকশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় মনাকশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হন। তারা ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
