চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।
গোপন তথ্যের ভিত্তিতে আজ শনিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ৭টি গরু জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, মনোহরপুর বিওপির টহলদল শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। এছাড়া চরবাগডাংগা বিওপি হতে সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের রানীনগর গ্রাম থেকে ২টি গরু এবং বাখেরআলী বিওপি হতে সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামের পদ্মা নদীর চর এলাকা থেকে আরও ৫টি গরু জব্দ করা হয়।
জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লক্ষ টাকা। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
