চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর-মিয়াপাড়ায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর রাজারামপুর মহল্লার আব্দুল লতিফের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মহাসড়কে দ্রুতগতির বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ফয়সাল আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর থানার ওসি জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
