চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের গোদাগাড়ী হাটপাড়া ঘাট এলাকা থেকে পদ্মা নদী হতে ১৭ দিন ধরে নিখোঁজ থাকা গোলকাজুল ওরফে কাজল (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (____ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। নিহত গোলকাজুল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেন ওরফে ফিরোজ মেম্বারের ছেলে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার শেষে তা ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি রাতে গোলকাজুল নিখোঁজ হন। এ ঘটনায় ৮ জানুয়ারি তাঁর স্ত্রী লিসা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ দুই আওয়ামী লীগ নেতাসহ আটজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও আটজনসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।
পরিবারের অভিযোগ, আসামিরা গোলকাজুলকে অপহরণের পর নির্যাতন করে হত্যা করে এবং প্রমাণ নষ্ট করতে তার মরদেহ পদ্মা নদীতে ফেলে দেয়।
এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ গোলকাজুলের পরিবার মরদেহটি শনাক্ত করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
