স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দুপুরে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া এলাকায় ৩০০ জন অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ কামাল হোসেন। এ সময় তিনি বলেন, “তীব্র শীত ও ঘন কুয়াশায় সীমান্তবর্তী খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবির পক্ষ থেকে এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
কম্বল পেয়ে খুশি শীতার্ত অসহায় মানুষেরা বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।
